নিউজ ডেস্ক : বিশ্ব মান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর অফিস প্রধানের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য— *‘Shared Vision for a Better World—Affordable and Clean Energy’*। এর ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর অফিস প্রধান শেখ মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বিএসটিআইয়ের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হলো খাদ্য, প্রসাধনী, জ্বালানি পণ্য ও নবায়নযোগ্য জ্বালানিসংশ্লিষ্ট পণ্যের গুণগত মান পরীক্ষা এবং মান সনদ প্রদান। এসব কার্যক্রম টেকসই উন্নয়ন অভীষ্ট-২ তথা ক্ষুধামুক্তি ও খাদ্যনিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক পণ্যের ক্ষেত্রে স্টার লেভেলিং ব্যবস্থা চালুর মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট-৭ বাস্তবায়নে বিএসটিআই ভূমিকা রাখছে। সবার জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে মানসম্মত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি রপ্তানি প্রক্রিয়া ত্বরান্বিত করতে পণ্যের মান আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতেও বিএসটিআই বদ্ধপরিকর।
সভায় গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড, স্টার লাইন ফুড প্রোডাক্টসসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অতিথিরা নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন রোধে বিএসটিআইয়ের নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকৃত উদ্যোক্তাদের মান নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
বিএসটিআইয়ের অনুমোদনহীন নিম্নমানের প্রসাধনী ও খাদ্যপণ্যের বিপণন এবং ত্রুটিপূর্ণ ওজনযন্ত্রের ব্যবহার বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অতিথিরা। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের তদারকি কার্যক্রম মাঠপর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।