উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সুবর্ণচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। শুরুতে উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ৭ নং ওয়ার্ড পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে ২জন সুপারভাইজার এবং ১৩ জন মাঠকর্মী তথ্য সংগ্রহের কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার যৌথ উদ্যোগে এসব তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুন নবী, উপজেলার চরজুবিলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি৷ মোঃ আব্দুর রহিম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ, শ্রমিক ফেডারেশ সুবর্ণচর উপজেলার সভাপতি মোঃ বাহার উদ্দিন, সুবর্ণচর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ ছানা উল্যাহ, মোহাম্মদ রুবেল, আবুল কাশেম, মনির কন্টাকটার প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজসেবা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ২ কোটি থেকে ২ কোটি ১০ লক্ষ পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে। এতে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবার, ভূমিহীন ও গৃহীন পরিবার, দিনমজুর, নারী প্রদান পরিবার, বিধবা ও প্রতিবন্ধী পরিবার প্রতিমাসে ২৫০০ টাকা করে পাবে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য সকল তথ্যকর্মী আপনাদের বাড়ি বাড়ি যাবে। আপনারা আন্তরিকতার সাথে কোন তথ্য গোপন না রেখে তাদেরকে সকল তথ্য প্রদানে সহযোগিতা করবেন ।
সমাজসেবা অফিসার বলেন, ধনী-গরীব ধর্ম-বর্ণ সকলের বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করা হবে। আপনারা সকলে আন্তরিকতার সহিত সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যারা ফ্যামিলি কার্ড পাবে তারা ব্যাংকে যেতে হবে না, ব্যাংকে তার নামে একটি একাউন্ট হয়ে যাবে।