উপজেলা সংবাদদাতা, সেনবাগ :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ না হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম মো. নুরুল আবছারকে অব্যাহতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গত ১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার সেনবাগ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকেরা চিঠির বিষয়টি জানতে পারেন।
চি ঠিতে বলা হয়, অধ্যক্ষের পদ শূন্য থাকলে উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিতে হবে। উপাধ্যক্ষের পদও শূন্য থাকলে জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রস্তুত করে তা থেকে তিনজনের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।কলেজের গভর্নিং বডির সভাপতি মোক্তার হোসেন পাটোয়ারী অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর কলেজের অধ্যক্ষ মো. শহিদুল আলমকে দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ সুরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগের পর থেকে পদ দুটিতে অচলাবস্থা সৃষ্টি হয়।