স্টাফ রিপোর্টার : অর্থনীতির গণতন্ত্রায়নে বর্তমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে কর প্রদানে সক্ষম নতুন নাগরিকদের করের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, করদাতার সংখ্যা বাড়লে রাজস্ব আহরণ সহজ হবে এবং দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘৩য় অভিষেক অনুষ্ঠান ও এমটিএম নাইট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৬ দশমিক ৭ শতাংশ। রাজস্ব বাড়াতে কর ব্যবস্থাপনায় সংস্কার, হয়রানিমুক্ত সেবা এবং ডিজিটাল করব্যবস্থা সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও কর বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।
উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল বিবেচনায় নিতে হবে। কর প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।