উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: হাতিয়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি লাল চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা চিনির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে চিনি আনার অভিযোগে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে ১৫ হাজার কেজি লাল চিনি পাওয়া যায়। পরে চিনির চালানসহ ল্যান্ডিং ক্রাফটটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
তবে চিনির চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।