মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২২তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি মহিলা আলিম মাদ্রাসা ও চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ এবং কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার ৬৮টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১ হাজার ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এবং কেন্দ্র সচিব ছিলেন চিলাদি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন আশ্রাফী।
ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামাল উদ্দিন সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।
ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আবদুল খালেক জানান, ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে কাজ করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।