হাবিবুর রহমান ফরহাদ, রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে মহানবমীর দিনে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ মহানবমী উপলক্ষ্যে জেলার সুধারাম মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেন। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিরসন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।