উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিলে ইতালি প্রবাসী মো. সোলায়মানকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ফারুক, আজাদ ও শাহপরান নামে তিনজনের বিরুদ্ধে। তাঁরা মানবপাচার চক্রের সদস্য বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকুর গ্রামে সোলায়মানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সোলায়মানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, ইতালি নেওয়ার কথা বলে ২০২৩ সালে তাঁর স্বামীকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় প্রবাসী ফারুকসহ তাঁর সহযোগীরা আজাদ ও শাহপরানের যোগসাজশে কয়েক ধাপে ২৫ লাখ টাকা আদায় করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় আজাদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও অভিযোগ করেন, অন্য মাধ্যমে ইতালি যাওয়ার পর গত মাসে দেশে ফেরেন সোলায়মান। ২৯ আগস্ট সন্ধ্যায় খিলপাড়া বাজারের যুবরত্ন ক্লাবের সামনে তাঁর স্বামীর ওপর অস্ত্রের মুখে হামলা ও নির্যাতন চালানো হয়। এ সময় তাঁর স্বামীর স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়। প্রাণভয়ে পরে তিনি আবার ইতালি চলে যান। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সোলায়মানের বোন মোবাশারা বেগম সোহাগী ও মেয়ে নাবিলা সুলতানা নোবা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে শাহপরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, প্রবাসীর ওপর হামলা, চাঁদা দাবি এবং ২০২৩ সালে বিদেশে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় মানবপাচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চার আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন এবং আরেক আসামি আত্মগোপনে আছেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।