উপজেলা সংবাদদাতা, চাটখিল :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও মেয়র প্রার্থী মোহাম্মদ মাসুদ রানা।
শুক্রবার (২৩ অক্টোবর) তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তিনি এই চিঠিটি প্রকাশ করেন। চিঠিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
খোলা চিঠিতে যুবদল নেতা মাসুদ রানা উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শুধু কেন্দ্রীয় নেতা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেতারাই ত্যাগ স্বীকার করেননি; দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীও প্রতিনিয়ত মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। দলের দুঃসময়ে অনেকে নিজেদের পরিবার, ব্যক্তিগত জীবন ও জীবিকার কথা উপেক্ষা করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের মূল্যায়নের দাবি তুলে তিনি প্রশ্ন করেন, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারাই যদি শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান, তাহলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের দুঃখ-কষ্ট, ত্যাগ ও অবদানের কথা কে তুলে ধরবে এবং তাঁদের মূল্যায়নই বা কে করবে?
মাসুদ রানা আরও বলেন, একটি রাজনৈতিক দলের প্রকৃত চালিকাশক্তি হলো তার তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের ত্যাগ ও অবদানকে অবহেলা করে কোনো সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়। এ কারণে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
চিঠিতে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে বুক চিতিয়ে লড়েছেন, সুসময়েও যেন তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়। পদ-পদবি কিংবা বাহ্যিক পরিচয়ের পরিবর্তে ত্যাগ, অবদান ও দলের প্রতি ভালোবাসাকেই মূল্যায়নের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত।
চিঠির শেষাংশে তিনি তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। নিজেকে তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে পরিচয় দিয়ে তিনি এই আবেদন জানান।
তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন ও তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টির দাবি সংবলিত মাসুদ রানার এই খোলা চিঠিটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক সাড়া ফেলেছে।