সিনিয়র স্টাফ রিপোর্টার :: দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত দ্বিতীয় জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে ১৩টি পদক জিতে তৃতীয় স্থান অর্জন করেছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল।
গত শুক্র ও শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নোয়াখালীর খেলোয়াড়েরা ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেন। দলের নেতৃত্ব দেন কারাতে কোচ নুর মোহাম্মদ রকি ও গাজী মো. আমিনুল ইসলাম ভূঁঞা (গাজী রুবেল)।
প্রতিযোগিতায় ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা। ৭টি স্বর্ণপদকসহ ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও প্রশিক্ষণের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।