উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার একটি লালবোট ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বোটে থাকা অপর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন। তাঁদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।
বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চার দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে তাঁরা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। বোটটি কেনার পর রোববার রাতে তিনজন মিলে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা দেন। ফেরার পথে আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তিনি জানান, এ সময় পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাঁদের বোটটি ডুবে যায়। তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাঁকে উদ্ধার করেন। তবে বোটে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই জেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের সন্ধানে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমরা সদরঘাট থানার সঙ্গে কথা বলে নিখোঁজ জেলেদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছি।