উপজেলা সংবাদদাতা, চাটখিল :: স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়নের মাধ্যমে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চাটখিল উপজেলা প্রশাসনের সভাকক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের সহকারী পরিচালক অসিম কুমার বকসির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের চাটখিল উপজেলা ম্যানেজার শাহজাহান। এ সময় বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, কামাল মজুমদার, লোকমান হোসেন, মো. মানিক ও আমেনা বেগমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, সমাজের বিদ্যমান অসঙ্গতিগুলো কমিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আত্মকেন্দ্রিক মনোভাব পরিহার করে পরোপকারী হতে হবে এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মানবাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি।
সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।