বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন, ইংরেজি চর্চা, গবেষণা ও চাকরির প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতে গড়ে তোলা অভ্যাস ও অর্জিত দক্ষতা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সদ্য স্নাতক তৌহিদ আহমেদ বলেন, প্রথম বর্ষ থেকেই মাইক্রোসফট অফিস, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি ও ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি গবেষণা ও সরকারি চাকরির প্রস্তুতিও শুরু করা উচিত। শেষ বর্ষে একাডেমিক ব্যস্ততা বেড়ে যাওয়ায় এসবের জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়ে।
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সদ্য স্নাতক সুবাহ তাসনিমের মতে, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ভালো ফলাফল ও ক্যারিয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়। ক্লাবের কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন, বন্ধুত্ব ও ভ্রমণের মতো অভিজ্ঞতাও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা বাড়ায়। তাই পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবন উপভোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, ওশানোগ্রাফি বিভাগের সদ্য স্নাতক আল মাহমুদ নিয়মিত পড়াশোনা, ভালো সিজিপিএ অর্জন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞ সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, প্রথম বর্ষ থেকেই পড়াশোনা ও ক্যারিয়ার প্রস্তুতির মধ্যে ভারসাম্য রাখা জরুরি।
সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের অভিজ্ঞতায় উঠে এসেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ কেবল নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সময় নয়; বরং দক্ষতা অর্জন, ভালো অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি তৈরিরও গুরুত্বপূর্ণ পর্যায়। তাই ‘ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার’ মানসিকতার পরিবর্তে শুরু থেকেই সচেতনভাবে সময় কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।