উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিল উপজেলার ফাওড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনকে বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুমন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ। এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সফিকুর রহমান লিটন, নাসির উদ্দিন মিরন, শিক্ষক প্রতিনিধি ফোরকান হোসেন, অভিভাবক সদস্য ফিরোজ আলম, সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
সংবর্ধনায় নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন বিদ্যালয় পরিচালনায় নিজের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “ফাওড়া উচ্চ বিদ্যালয়কে এই অঞ্চলের একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করব, যেখানে প্রতিটি শিক্ষার্থী নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠবে। কোনো অনিয়ম বা অবহেলাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কারে সম্মিলিতভাবে কাজ করব।”
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে এক অফিস আদেশের মাধ্যমে ফাওড়া উচ্চ বিদ্যালয়ের (EIIN: 107274) পরিচালনার জন্য ৪ সদস্যের এই নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, শিক্ষক প্রতিনিধি ফোরকান হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ফিরোজ আলম দায়িত্ব পেয়েছেন। নবমনোনীত সভাপতি রিয়াজ উদ্দিন এর আগেও অত্যন্ত সুনামের সাথে অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।