আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালকে কেন্দ্র করে ‘হাদী চত্বর’ নামকরণ ও রাজনৈতিক কর্মসূচি আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সড়কে রাজনৈতিক কর্মসূচি আয়োজন কতটা যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও প্রশ্ন তোলেন, শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ওপর শরিফ ওসমান হাদীর ছবি সংযুক্ত করে ‘হাদী চত্বর’ নামকরণ না করে নতুন একটি চত্বর নির্মাণ করা যেত কি না।
পোস্টে জেলা শহরের জজকোর্ট রোডে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাদীর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কর্মসূচি আয়োজন করা যেতে পারে। পাশাপাশি আজাদী মঞ্চ, ইনকিলাব মঞ্চ, এনসিপি ও ছাত্রশক্তির কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নুরুল আমিন খান মনে করেন, রাজনৈতিক ব্যক্তিত্বের নামে চত্বর নির্মাণ কিংবা প্রশাসনিক গুরুত্বপূর্ণ এলাকায় রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে জনস্বার্থ, প্রশাসনিক নির্দেশনা ও রাজনৈতিক শালীনতা বিবেচনা করা জরুরি।