উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচর উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী সুমাইয়া রহমানকে ফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সুমাইয়া সৈকত সরকারি ডিগ্রি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি উপজেলার চর জুবিলী ইউনিয়নের পশ্চিম চর জুবিলী গ্রামে। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও ধারাবাহিক অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। তাঁর এমন কৃতিত্বে পরিবারের সদস্যরাও অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
নিজ উপজেলার একজন শিক্ষার্থীর এমন কৃতিত্বের খবর পেয়ে সরাসরি ফোনে সুমাইয়ার সঙ্গে কথা বলেন নাছির উদ্দীন নাছির। এ সময় তিনি সুমাইয়াকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। পাশাপাশি সময় নষ্ট না করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে এখন থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তিনি সুমাইয়ার বাবার সঙ্গেও কথা বলেন এবং মেয়ের এমন অর্জনে তাঁকে শুভেচ্ছা জানান।
ফোনালাপে সুমাইয়া তাঁর ভবিষ্যৎ উচ্চশিক্ষার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ভালো করার লক্ষ্যে যথাযথ প্রস্তুতি নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকেও মেধাবী শিক্ষার্থী সুমাইয়া রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ ও সাংবাদিক মহিব উল্যাহ মহিবসহ নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।
একজন শিক্ষার্থীর এমন অর্জন শুধু তাঁর পরিবার নয়, পুরো উপজেলার জন্যই আনন্দ ও গর্বের বিষয়। সুমাইয়ার এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।