উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঝিনের টেক এ ভুক্তভোগী শহীদ উল্লাহর পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৩ জুলাই রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে আবদুল হক এর বসতঘরে প্রবেশ করে চুরির অভিযোগ উঠে। এরপর বেগমগঞ্জ মডেল থানায় মো. আবদুল হক বাদী হয়ে একটি মামলা করেন।
সংবাদ সম্মেলনে শহীদ উল্লাহ বাদল দাবি করেছেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। পূর্ব বিরোধের জেরে তাঁকে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদ উল্লাহ বাদল বলেন, আবদুল হকের দায়ের করা চুরির মামলায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে। অথচ তিনি চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাঁকে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শহীদ উল্লাহ সহ স্থানীয় ব্যাক্তিরা বলেন, মিথ্যা অভিযোগে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করার দাবি জানান তিনি। একই সঙ্গে নিরপরাধ কাউকে হয়রানি না করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অভিযুক্ত আবদুল হক থেকে বিষয় টা জানতে চাইলে তিনি বলেন, তাঁকে চেতনা নাশক ওষুধ খাইয়ে ঘরে চুরির ঘটনা ঘটানো হয়েছে। শহীদ উল্লাহ এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় চুরির অভিযোগ রয়েছে বলেও আবদুল হক জানান। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহীদ উল্লাহ বাদল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।