আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের পর নোয়াখালী সরকারি কলেজে চালু হলো বিআরটিসির দুটি দ্বিতল বাস। বাস দুটির নাম রাখা হয়েছে ‘দুর্বার’ ও ‘দুরন্ত’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাইজদী পিটিআই স্কুল প্রাঙ্গণে বাস দুটির উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় তিনি কলেজের সরু সড়ক প্রশস্তকরণ, শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে চাটখিলের শিক্ষার্থীদের জন্য পৃথক বাস চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান।
কলেজ সূত্রে জানা গেছে, আগামী ৯ নভেম্বর থেকে বাস দুটি নিয়মিত চলাচল শুরু করবে। একটি সোনাইমুড়ী থেকে মাইজদী বাজার এবং অন্যটি কবিরহাট থেকে মাইজদী বাজার রুটে চলবে। বাস দুটির জ্বালানি খরচ বহন করবে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বছরে ৬শ টাকা পরিবহন ফি দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় এক বছরের প্রচেষ্টায় পরিবহন সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।