হাবিবুর রহমান ফরহাদ, রিপোর্টার :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি, মাইজদীতে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা দিবসটির ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ়করণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় দেশাত্মবোধক গানের আসর। এছাড়া শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।