উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: হাতিয়ার উচ্চশিক্ষার অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দ্বীপ সরকারি কলেজ’ আজ চরম শিক্ষকসংকট, প্রশাসনিক শূন্যতা এবং পাঠদান কার্যক্রমে দীর্ঘমেয়াদী স্থবিরতার কারণে এক গভীর শিক্ষাবিপর্য়ের মুখে পড়েছে। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম শিক্ষক দিয়ে কোনোমতে খুঁড়িয়ে চলছে এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। আর এর সরাসরি ও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে দ্বীপের সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, মানসিক বিকাশ এবং পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের সাধারণ পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপকূলীয় এই জনপদের মানুষের উচ্চশিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি থেকে অতীতে বহু কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন উচ্চপর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু বর্তমান সময়ে কর্তৃপক্ষের চরম অবহেলা, দীর্ঘসূত্রিতা এবং নজরদারির অভাবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও মান আজ ম্লান হতে বসেছে।
স্থানীয় সচেতন মহলের গভীর আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে হাতিয়ার উচ্চশিক্ষার এই প্রধান বিদ্যাপীঠটি সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে।
কলেজটির বর্তমান জনবল কাঠামো বিশ্লেষণ করলে এর ভেতরের ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। খোঁজ নিয়ে জানা যায়, কলেজটিতে ৪৯টি গেজেটভুক্ত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন শিক্ষক। এর মধ্যে ২৪টি প্রভাষক পদের বিপরীতে রয়েছেন ১৬ জন এবং ১৫টি সহকারী অধ্যাপক পদের বিপরীতে মাত্র দুজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে, যা পাঠদান পরিচালনার ক্ষেত্রে এক বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মতো মৌলিক বিভাগগুলোর চিত্র অত্যন্ত শোচনীয় ও বেদনাদায়ক। প্রয়োজনীয় শিক্ষকের অভাবে বিভাগগুলোতে নিয়মিত ক্লাস নেওয়া এবং নির্দিষ্ট সময়ে সিলেবাস বা পাঠ্যসূচি শেষ করা শিক্ষকদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। মাত্র একজন শিক্ষককে দিয়ে পুরো একটি বিভাগের পাঠদান, পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্ব সামাল দিতে হচ্ছে।
এ ছাড়াও কলেজটিতে দীর্ঘকাল ধরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও আইসিটি শিক্ষকের মতো অতিগুরুত্বপূর্ণ পদগুলো শূন্য পড়ে রয়েছে। ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে কলেজ পরিচালনা করায় কোনো ধরনের যুগোপযোগী, দূরদর্শী বা প্রশাসনিক নীতিনির্ধারক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃংখলা ও অ্যাকাডেমিক তত্ত্বাবধান ভেঙে পড়ার প্রধান কারণ হিসেবে এই প্রশাসনিক শূন্যতাকেই দায়ী করছেন অভিজ্ঞমহল।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়ায় তারা মারাত্মক বিপাকে পড়েছেন। নির্ধারিত সময়ে ক্লাস না হওয়া কিংবা বিকল্প বা অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালনা করায় পাঠ্যবিষয়ের জটিল অংশগুলো তাদের কাছে অধরা থেকে যাচ্ছে। বাংলা, ইংরেজি ও গণিতের মতো মৌলিক বিষয়ে পর্যাপ্ত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীদের একাডেমিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। পরীক্ষার ঠিক আগে তাড়াহুড়ো করে কোনোমতে সিলেবাস শেষ করার প্রবণতা তাদের মধ্যে গভীর হতাশা ও মানসিক চাপ তৈরি করছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হারও বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। কলেজটির বাংলা বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুল হাসান রানা জানান, কোনো কোনো শ্রেণিতে তিনশ জন শিক্ষার্থী ভর্তি থাকলেও নিয়মিত ক্লাস করতে উপস্থিত হয় মাত্র ৩০ থেকে ৪০ জন। বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়মিত কলেজে না এসে সরাসরি ফরম পূরণ করে ফাইনাল পরীক্ষায় অংশ নেয়, যা ফলাফলের করুণ পরিণতি অনিবার্য করে তুলছে।
সাম্প্রতিক এইচএসসি বা অন্যান্য সমাপনী পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র ক্ষোভ প্রকাশ করে জানান, কলেজটি থেকে সাম্প্রতিক পরীক্ষায় প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৫৭ জন।এমন হতাশাজনক ফলাফলের জন্য শুধু শিক্ষার্থীদের দায়ী করা ঠিক নয় উল্লেখ করে ওই শিক্ষার্থী আরও বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা ও অবহেলা থাকলেও কলেজের শিক্ষক সংকট ও অনিয়মিত পাঠদানও এর অন্যতম প্রধান কারণ। কোনো শিক্ষক ছুটিতে গেলে বিকল্প শিক্ষক না থাকায় অনেক সময় সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান সম্পূর্ণ বন্ধ থাকে।
নিয়মিত ক্লাস ও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোচিং কিংবা প্রাইভেটের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু দ্বীপাঞ্চলের সাধারণ ও দরিদ্র পরিবারের পক্ষে অতিরিক্ত অর্থ ব্যয় করে বাইরে থেকে শিক্ষা গ্রহণ করা অর্থনৈতিকভাবে অসম্ভব। ফলে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেও সচ্ছল ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এক গভীর বৈষম্য তৈরি হচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে কতিপয় শিক্ষার্থী ব্যক্তিগত মেধার জোরে বিচ্ছিন্নভাবে ভালো ফলাফল অর্জন করছেন, তবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার এই ভয়াবহ বিপর্যয়কে আড়াল করার কোনো সুযোগ নেই।
দ্বীপ সরকারি কলেজের এই অচলাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক না থাকায় কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়েছে। ৪৯টি গেজেটভুক্ত পদের বিপরীতে শিক্ষক নেই বললেই চলে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও আইসিটি শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানটি অভিভাবকহীনভাবে চলছে। পর্যাপ্ত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা অর্জন অসম্ভব। আমরা দ্রুত শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে শিক্ষক নিয়োগের জোর দাবি জানাচ্ছি।
কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম রোহান বলেন, দ্বীপ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একমাত্র ভরসাস্থল এই সরকারি কলেজটি আজ চরম প্রশাসনিক স্থবিরতা ও শিক্ষক সংকটের কারণে ধ্বংসের মুখে। বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। এর ফলে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল বিপর্যয়কর রূপ ধারণ করেছে। আমরা অনতিবিলম্বে শূন্য পদগুলোতে স্থায়ী শিক্ষক ও গতিশীল প্রশাসন নিয়োগের দাবি জানাচ্ছি, অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।
অভিভাবক সুলতান আহমদ বলেন, সন্তানদের ভালো ভবিষ্যতের আশায় আমরা এই কলেজে পাঠাই। কিন্তু নিয়মিত ক্লাস ও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকলে তারা কীভাবে শিখবে? শুধু শিক্ষার্থীদের দোষ দিয়ে লাভ নেই। অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুল হাসান রানা আক্ষেপ প্রকাশ করে বলেন, স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ না থাকায় প্রশাসনিক স্থবিরতা কিছুতেই কাটছে না। চোখের সামনে সরকারি কলেজের ফলাফল প্রতিবছর নিম্নগামী হওয়া আমাদের মতো শিক্ষকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
শিক্ষাবিদ ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের মতে, শুধু অবকাঠামো উন্নয়ন বা নতুন কোর্স চালু করলেই শিক্ষার মান বাড়বে না। এর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে দ্বীপবাসীর উচ্চশিক্ষার এই প্রাণকেন্দ্রটি চিরতরে হারিয়ে যাবে এমনটাই এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সবচেয়ে বড় শঙ্কা।