মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভানুয়াই এলাকায় পারিবারিক মালিকানাধীন একটি পুকুর দখলচেষ্টা, ময়লা-আবর্জনা ও টয়লেটের পানি ফেলে দূষণ এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বেলাল হোসেন বিরুদ্ধে। এ ঘটনায় পুকুরের প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সৈয়দ মোর্শেদ আলম। এ বিষয়ে তিনি সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন পার্শ্ববর্তী ইউসুব আলী বেপারী বাড়ির বেলাল হোসেন, মো. ইমাম হোসেন ও মো. হাসান।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের দাবি, ভানুয়াই মৌজার বিএস ৩৫৯ ও ৩৬০ নম্বর খতিয়ানের বিএস ২১১ নম্বর দাগে ২৪ শতক জমির ওপর অবস্থিত পুকুরটি তাঁদের পারিবারিক সম্পত্তি। প্রায় ১০০ বছর ধরে তাঁদের পরিবার পুকুরটি ভোগদখল করে আসছে। দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষও করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, পুকুরটির মালিকানা দাবি করে বিবাদীরা আদালতে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে পুকুরে প্রবেশ ও সংশ্লিষ্ট বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তবে আদালতের ওই আদেশ অমান্য করে অভিযুক্তরা পুনরায় পুকুরটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, অভিযুক্তরা পুকুরে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলছেন এবং পাশের টয়লেটের পানির পাইপ পুকুরের সঙ্গে সংযুক্ত করেছেন। এতে পুকুরের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁদের দাবি, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে।
গত ১১ নভেম্বর দুপুরে পুকুরটি পরিষ্কার করতে গেলে অভিযুক্তরা বেলাল হোসেন বাধা দেন। এ সময় তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর থানায় উভয় পক্ষকে উপস্থিত হওয়ার জন্য ডাকা হলেও অভিযুক্ত পক্ষের কেউ উপস্থিত হননি বলে দাবি করেছেন অভিযোগকারী। এদিকে পুকুরটি পুনরায় দখলের চেষ্টা এবং ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বেলাল হোসেন, মো. ইমাম হোসেন ও মো. হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে এক পক্ষ উপস্থিত হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।