আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নে গান্ধী আশ্রম ট্রাস্টের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জার্মান প্রতিনিধিদলের সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) গান্ধী আশ্রম ট্রাস্টের বাস্তবায়নাধীন ‘Strengthening Local Government Institutions and Empowerment of Community People for Human Rights and Good Governance in Greater Noakhali’ শীর্ষক প্রকল্পের আওতায় পরকোট ইউনিয়নের প্রাথমিক দলের কার্যক্রম পরিদর্শন করা হয়।
এ সময় জার্মান প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব, সহকারী পরিচালক (এইচআর অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন) এবং প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শনকালে পরকোট ইউনিয়নের প্রাথমিক দলের সদস্যরা জার্মান প্রতিনিধিদলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে তাঁদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং কমিউনিটির জনগণকে ক্ষমতায়িত করা। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ, সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
জার্মান প্রতিনিধিদলের এ পরিদর্শন প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।