নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘পতিত, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এর জন্য এই মুহূর্তে প্রয়োজন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির একমঞ্চে দাঁড়ানো।’
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চর্তুথ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই সংসদ এবং এই সরকার এই সংসদে আলোচনার মাধ্যমে আমরা যখন একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছি ঠিক সে সময় পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’
ফ্যাসিস্টদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী- মাননীয় স্পিকার, আবারো প্রমাণিত হয়েছে এই দলটির চরিত্র কখনোই ঠিক হবে না। সুযোগ পেলেও তাদের চরিত্র ঠিক হবে না, এত মানুষ হত্যা এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ‘দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক তাদের একটাই চরিত্র যে এরা যে সন্ত্রাসী গত কয়েকদিনের চিত্রে মাননীয় স্পিকার তা আবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই সন্ত্রাসীরা দেশে বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কিভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল আমরা দেখেছি।’
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত দুইদিন আগে এনসিপির সভাপতি নাহি ইসলামকে তারা কিভাবে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে। এর আগেও এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল মাননীয় স্পিকার আমরা দেখেছি তারা কি আচরণ করেছে। শুধু তাই নয়, ইতালিতে একজন আমাদের নারী শিল্পীর উপরে তারা কিভাবে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। দেশের জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে এরা কোন রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় একটাই, এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশে বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণিত করেছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী।’
তিনি বলেন, ‘এই সংসদে দাঁড়িয়ে অর্থাৎ সমগ্র বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি মাননীয় স্পিকার, এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য সেজন্যই পরিষ্কার ও স্পষ্ট। দেশ প্রেমিক স্বাধীনতা প্রিয় জনগণ অন্য কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ গণতান্ত্রিক জনগণ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানও ঘটায়নি।’
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান। ২০২৪ সালের মতো আবারও গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘এই সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই- আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’
‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমাদের সেই আওয়াজ তুলতে হবে, যে আওয়াজ আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলেছিলেন। দেশনেত্রী বলেছিলেন- ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ’
পুরো সংসদের সদস্যদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে উচ্চারণ করে বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।’
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।’
তিনি বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন ২৪ শে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার ২৪ এর চেতনায় আমরা মাথা গুড়িয়ে দিতে চাই।’
বিকাল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতিত্বের আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যাবলী নিষ্পত্তির পরে সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শুনান।