উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: ‘বিনা ধান২৮’ জাতটির জীবনকাল ১২০-১২৫ দিন। এতে তিন ফসলি জমিকে চার ফসলিতে রূপান্তর করা যায়। এই ধানের চালে জিংকের পরিমাণ ২৪.৮৩ পিপিএম এবং অ্যামাইলোজের পরিমাণ ২৭.৮৪%, যার ফলে এর ভাত ঝরঝরে ও খেতে বেশ সুস্বাদু হয়। ভাতে সুগন্ধ রয়েছে।
দেশের পুষ্টি নিরাপত্তায় এবং চালের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই জাতটি দারুণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কৃষি বিশেষজ্ঞরা।
উচ্চফলনশীল বিনাধান-২৩, বিনা ধান২৮ ও ব্রিধান-৭১ এর প্রায়োগিক মাঠ মূল্যায়নে বিনা উদ্ভাবিত আমন ধানের জাত সম্প্রসারণমূলক নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসে বক্তারা এসব কথা বলেন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে ১৮ নভেম্বর এই আয়োজন করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, নোয়াখালীর তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে এলাকার কৃষকদের মাঝে বিনা ধান২৮ চাষে উৎসাহ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা প্রধান কার্যালয়ের উদ্ভিদ প্রজনন বিভাগের পিএসও ড. মোঃ মাহমুদুল হাসান, বিনা উপকেন্দ্র, নোয়াখালীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: ইলিয়াস হোসেন, বিনা উপকেন্দ্র, নোয়াখালীর এসও মো: শাহেদ হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র উপজেলার কৃষি কর্মকর্তা মো: হারুন অর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে চর মজিদ গ্রামের কৃষক মো: শেখ ফরিদের জমিতে চাষকৃত বিনা ধান২৮ এর জমি থেকে নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তনে হেক্টরপ্রতি ৬.৪ টন ফলন পাওয়া গেছে, যা বিঘা প্রতি ২২ মণ। একই সাথে বক্তরা বিনা উদ্ভাবিত স্বল্পকালীন আমন ধান চাষের পর সরিষা ও সয়াবিন চাষাবাদের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, দিন দিন মানুষের খাদ্যরুচির পরিবর্তন ঘটেছে এবং বাজারে সুগন্ধিযুক্ত চালের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপট বিবেচনা করে বিনা দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের লাভবান করতে সুগন্ধি আমনের এই নতুন জাতটি উদ্ভাবন করেছে। ২০২৬ সালে জাতটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারাদেশে চাষাবাদের জন্য আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।