উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিলে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে চাটখিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা লিড ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি, চাটখিল শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মসূচিটির মূল লক্ষ্য হলো উপজেলার ১৮ থেকে ২৮ বছর বয়সী সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের উদ্যোগ চিহ্নিত করা এবং ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ সাকিউর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি নোয়াখালী জোনাল অফিসের (জেলা লিড ব্যাংক) সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহাবুবুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংক পিএলসি কুমিল্লা জোনের এসভিপি ও জোনাল হেড মোঃ নাছিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক পিএলসি চাটখিল শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান কে. এম. আজিজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ আমজাদ হোসেন।
কর্মশালায় ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও চিহ্নিতকরণ প্রক্রিয়া, অর্থায়নের সুযোগ-সুবিধা এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চাটখিল উপজেলায় অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছেন, যাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সক্ষমতা রয়েছে। যথাযথ দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক অর্থায়ন নিশ্চিত করা গেলে এসব তরুণ নিজেদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারবেন। এ কর্মসূচি তরুণদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সী আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়। আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।