মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীসহ ১৬ জন অসহায় মানুষের মাঝে প্রায় এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেনবাগের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক মাহমুদুর রহমান রাকি, সদস্য সচিব মাইন উদ্দিন,ছিলোনিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন হোসেন শহীদ সরওয়ার্দী, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনসহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ছিলোনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। বিশেষ করে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা, জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহযোগিতা এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।