উপজেলা সংবাদদাতা, চাটখিল :: সোনাইমুড়ীতে ঐতিহাসিক গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন, সচিবের একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফরিদ আলম এবং সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুল করিম দোলন। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নব কুমার।
প্রধান অতিথির বক্তব্যে আইন সচিব লিয়াকত আলী মোল্লা মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গুরুত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "গান্ধী আশ্রম ট্রাস্ট দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান ও দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠানটির উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। গান্ধী আশ্রম ট্রাস্টের সেবামূলক কাজের পরিধি আরও বাড়াতে এবং প্রতিষ্ঠানটির টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।"
মতবিনিময় পর্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহকারী পরিচালক অসীম কুমার বকসী, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, ইউপি সদস্য হারুন অর রশীদ, কামাল মজুমদার, নারী নেত্রী আলেয়া বেগম, বর্ষা চক্রবর্তী ও জয়নাল আবেদিন প্রমুখ।
মুক্ত আলোচনায় বক্তারা ট্রাস্টের চলমান শান্তি ও সম্প্রীতি ক্যাম্পেইন, মানবাধিকার ও সুশাসন কর্মসূচি, ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণ প্রকল্প, চরকা ও কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ, বিনামূল্যে আইনগত সহায়তা, ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ট্রাস্টের সেবামূলক কাজকর্মের পরিধি বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য সরকারি আর্থিক বরাদ্দ ও অনুদান বৃদ্ধির জন্য আইন সচিবের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, ক্ষুদ্র ও কুটির শিল্প, মৎস্য, কৃষি ও বনায়ন প্রকল্পসহ ট্রাস্টের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
উল্লেখ্য, গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শনের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সস্ত্রীক বৃহস্পতিবার সোনাইমুড়ীতে আসেন এবং ট্রাস্টের নিজস্ব গেস্ট হাউসে রাত্রিযাপন করেন।