স্টাফ রিপোর্টার :: হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে গত ১৭ নভেম্বর জারি করা এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জেলায় সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়ার তমরদ্দি, হরনী, চানন্দী ও চরকিং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত এক ব্যক্তির বাবা সার ডিলার নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। হরনী ইউনিয়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক পল্লী চিকিৎসককে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, চানন্দী ইউনিয়নে মুরগির দোকানকে সারের গুদাম হিসেবে দেখিয়ে ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে। চরকিং ইউনিয়নে গুদামের প্রয়োজনীয় সক্ষমতা না থাকা সত্ত্বেও একজনকে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, কৃষিমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান ডা. মো. শেখ ছাদেক জানান, গত ১৭ নভেম্বর তদন্ত কমিটি গঠনের চিঠি পেয়েছি। কমিটির অন্য দুই সদস্য বর্তমানে ছুটিতে আছেন। তারা কর্মস্থলে ফিরলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেয়া হবে।