উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণাঞ্চলের জনপদ রহমত বাজার ও সংলগ্ন সমুদ্রসৈকতকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা দেখছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও তরুণ প্রজন্ম। নৈসর্গিক পরিবেশ, উত্তাল মেঘনা-বঙ্গোপসাগরের মোহনা এবং দ্বীপের মানুষের স্বতন্ত্র জীবনযাত্রাকে কেন্দ্র করে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে রহমত বাজার সী-বিচ হয়ে উঠতে পারে হাতিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। এতে একদিকে যেমন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরার সুযোগ তৈরি হবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসার প্রসার এবং দ্বীপের স্থানীয় অর্থনীতিতেও আসবে নতুন গতি।
তবে এই উজ্জ্বল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, পর্যটনবান্ধব অবকাঠামো, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ।
স্থানীয়দের প্রত্যাশা, রহমত বাজারকে কেবল দৈনন্দিন কেনাকাটা ও মৎস্য ব্যবসার কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে এর ভৌগোলিক ও প্রাকৃতিক সম্ভাবনা যাচাই করে একটি পূর্ণাঙ্গ পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হোক। পর্যটকদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরি করা গেলে হাতিয়ার অভ্যন্তরীণ দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুদের আগমন বাড়বে। যার সরাসরি অর্থনৈতিক সুফল পৌঁছাবে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহনশ্রমিক, খাবারের দোকানমালিক, কারুশিল্পী এবং গ্রামীণ নারী উদ্যোক্তাদের হাতে।
প্রাকৃতিক বৈচিত্র্য ও উপকূলীয় জীবনযাত্রার জন্য হাতিয়া সবসময়ই স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। এখানকার মানুষের সংগ্রামী জীবন, লোকজ সংস্কৃতি, তাজা সামুদ্রিক মাছ ও ঐতিহ্যবাহী খাবার এবং নির্মল প্রাকৃতিক পরিবেশ যেকোনো পর্যটককে সহজেই মুগ্ধ করতে পারে। রহমত বাজার সী-বিচকে কেন্দ্র করে এসব বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হলে এটি উপকূলীয় পর্যটনের একটি মডেল কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।
স্থানীয় সচেতন মহলের মতে, পর্যটনকেন্দ্র গড়ে তোলার আগে রহমত বাজার ও সৈকত এলাকার প্রকৃত আকর্ষণ, ভৌগোলিক অবস্থান, ভাঙন রোধ এবং বিদ্যমান সুযোগ-সুবিধা যাচাই করা জরুরি। এরপর ধাপে ধাপে দর্শনার্থীদের জন্য হাঁটার পথ (ওয়াকওয়ে), বসার ছাউনি, পর্যাপ্ত আলোকসজ্জা, নিয়মিত পরিচ্ছন্নতা এবং সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, মানসম্মত খাবারের দোকান, বিশ্রামের জায়গা এবং একটি তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা সময়ের দাবি।
পর্যটনকেন্দ্র হিসেবে রহমত বাজারের উন্নয়ন হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের আনাগোনা বাড়লে হোটেল-রেস্তোরাঁ, স্থানীয় পণ্যের বাজার, অটোরিকশা ও মোটরসাইকেল পরিবহনসেবায় ব্যাপক চাহিদা তৈরি হবে।
রহমত বাজারের ব্যবসায়ী ছালা উদ্দিন বলেন, আমাদের এই এলাকা প্রাকৃতিকভাবেই অনেক সুন্দর। কিন্তু অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে মানুষ এসে বেশিক্ষণ থাকতে পারেন না। বাজার ও সৈকত এলাকাটিকে পরিকল্পিতভাবে সাজানো হলে এখানে পর্যটকদের আনাগোনা বহুগুণ বাড়বে। বসার জায়গা, আলোকসজ্জা ও পরিচ্ছন্ন পরিবেশ থাকলে মানুষ পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন। এতে আমাদের ব্যবসারও প্রসার ঘটবে। আমরা চাই, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ীদের মতামত নিয়ে দ্রুত উন্নয়নের উদ্যোগ নিক।
সৈকত এলাকায় ঘুরতে আসা পর্যটক মামুনুর রাশেদ জানান, রহমত বাজার সী-বিচের নির্মল বাতাস আর প্রাকৃতিক পরিবেশ সত্যিই মন জুড়িয়ে দেয়। শহরের কোলাহল ছেড়ে এমন শান্ত জায়গায় আসতে সবারই ভালো লাগে। তবে এখানে ভালো মানের বসার জায়গা, ওয়াশরুম ও খাবারের সুব্যবস্থা নেই। এসব মৌলিক সুবিধা নিশ্চিত করা গেলে এটি নিঝুম দ্বীপের পর হাতিয়ার অন্যতম সেরা ভ্রমণকেন্দ্র হয়ে উঠবে।
আরেক পর্যটক হৃদয় বলেন, হাতিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে, যার মধ্যে রহমত বাজার অন্যতম। কিন্তু যোগাযোগব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা প্রয়োজন। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে এবং যাতায়াতের রাস্তাগুলো সংস্কার করা হলে দূর-দূরান্ত থেকেও পর্যটকেরা এখানে আসতে উৎসাহিত হবেন।
জাহাজমারা থেকে ঘুরতে আসা দর্শনার্থী সোহাগ বলেন, এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য থাকলেই তো হবে না, পর্যটকদের জন্য নির্দিষ্ট বসার স্থান, পরিচ্ছন্নতা এবং পরিবার নিয়ে সময় কাটানোর মতো পরিবেশ তৈরি করতে হবে। সরকারি বা বেসরকারি উদ্যোগে জায়গাটি সাজানো হলে স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের দর্শনার্থীরাও উপকৃত হবেন।
পর্যটন বিকাশে স্থানীয় জনসম্পৃক্ততা ও নারী-তরুণদের কর্মসংস্থানের বিষয়ে
বুড়িরচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ইয়াছিন আরাফাত বলেন, রহমত বাজারকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে উঠলে স্থানীয় নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিশাল সুযোগ তৈরি হবে। ঐতিহ্যবাহী পিঠাপুলি, স্থানীয়ভাবে তৈরি পণ্য, হস্তশিল্প ও সামুদ্রিক ঝিনুকের স্মারকসামগ্রী বিক্রির জন্য নির্দিষ্ট স্টল বরাদ্দ দেওয়া হলে নারীরা স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে পারবেন। এ ক্ষেত্রে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বেকার তরুণদের ট্যুরিস্ট গাইড, পরিবহনসেবা, খাবারের দোকান ও ডিজিটাল প্রচারণার কাজে যুক্ত করা গেলে দ্বীপের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে।
পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের মতে, পর্যটনকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য ফেলা কিংবা যানবাহনের বিশৃঙ্খল চলাচল যেন সৈকতের প্রাকৃতিক ভারসাম্য এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব না ফেলে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
এ ছাড়া রহমত বাজার সী-বিচের প্রকৃত পর্যটন আকর্ষণ ও পরিবেশগত সীমাবদ্ধতা যাচাই করে উন্নয়ন পরিকল্পনা সাজানো হলে অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ভ্রমণ গাইড এবং ডিজিটাল মানচিত্রে জায়গাটির পরিচিতি তুলে ধরার উদ্যোগ নিতে হবে। স্থানীয় ঐতিহ্য ও উপকূলীয় সংস্কৃতিকে কেন্দ্র করে বছরজুড়ে বিভিন্ন লোকজ মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা গেলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।
দ্বীপবাসীর প্রত্যাশা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পর্যটন করপোরেশন এবং এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে রহমত বাজার সী-বিচের সম্ভাবনা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকারি বরাদ্দ ও পরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করা গেলে রহমত বাজার কেবল একটি সাধারণ বাজারের পরিচয়ে সীমাবদ্ধ না থেকে হাতিয়ার পর্যটন শিল্পের বিকাশ ও মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন প্রয়োজন কেবল সেই স্বপ্ন বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ।