স্টাফ রিপোর্টার :: নোয়াখালী পৌরসভায় পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে তানভীর মেহেদী রাতুল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৬৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
অভিযোগকারী মো. জাকির হোসেন (৪৬) সুধারাম থানার বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কনটেইনার পরিবহন গাড়ির চালক। অন্যদিকে অভিযুক্ত রাতুল নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকাল পৌনে ৮টার দিকে পারিবারিক কাজে সোনাপুর যাওয়ার পথে গোপাই এলাকার দারুসসুন্নাহ মাদরাসার সামনে পৌঁছালে রাতুল তার পথরোধ করেন। পরে তাকে রাস্তার পাশের একটি কক্ষে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে জাকিরের বাম পায়ের তলায় আঘাত করে রক্তাক্ত জখম করেন অভিযুক্ত।
এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পকেটে থাকা ১১ হাজার টাকা এবং পরিবহন মালিকের রাখা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তার ব্যবহৃত দুটি মুঠোফোনও ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রাতুল পাশের একটি ভবনে ঢুকে পড়েন। পরে স্থানীয়রা তাকে একটি কক্ষ থেকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এদিকে আহত জাকির হোসেনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তিনি চিকিৎসা নেন।
ভুক্তভোগী জাকির হোসেন বলেন, প্রায় এক বছর আগে তার মালিকানাধীন পুকুর থেকে প্রায় এক লাখ টাকার মাছ চুরি করেন অভিযুক্ত রাতুল। ওই ঘটনার প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হতো। এর জের ধরেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।