স্টাফ রিপোর্টার :: কবিরহাটে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৫টার পর উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিনহাজ আহম্মেদ সীমান্ত নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোলসংলগ্ন এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলা শেষে গোসল করতে যায় মিনহাজ। পরে ছনখোলা দরবেশ সাহেবের হুজুরের মাজারসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে তারা। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মিনহাজ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাকে পুকুর থেকে উঠে আসতে না দেখে সঙ্গে থাকা দুই বন্ধু স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর পুকুরের সিঁড়ির নিচ থেকে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা বাকি বিল্লাহ তুষার বলেন, মিনহাজ বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নেমে আর উঠে আসেনি। পরে তার সঙ্গে থাকা দুইজন স্থানীয়দের জানালে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নামার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।