বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতিতদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের একাংশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শাখা ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী মো. আল জকি হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এই মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মো. আল জকি হোসেন বলেন, ‘নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাতে হবে।’
তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রত্যাশা- নোবিপ্রবি হবে এমন একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস, যেখানে প্রতিটি নারী শিক্ষার্থী সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারবে।’
মানববন্ধন থেকে বক্তারা ক্যাম্পাসসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।