উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: মসজিদ ও নামাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, প্রায়োরিটি হিসেবে মসজিদ ও নামাজের সঙ্গে যোগাযোগ রাখতে পারলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে হারাতে পারবে না।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে আলহাজ্ব আবদুর রশিদ সারেং স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আলহাজ্ব আবদুর রশিদ সারেং স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৬৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মশিউর রহমান, আলহাজ্ব আবদুর রশিদ সারেং স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান নুরুল আলম সবুজ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলম লিটন, ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আরাফাত টিপু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ চৌধুরী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আলম লিটন।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হতে হবে। মসজিদ ও নামাজের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।
কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়।