উপজেলা প্রতিনিধি, সেনবাগ : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।একই সাথে সরকারি গাড়ি ব্যবহার করে এই স্বতন্ত্র প্রার্থীর জন্য উপজেলা চেয়ারম্যান গণসংযোগ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বুধবার (১৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে এ অভিযোগ জমা দেন একই আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯, নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া প্রতীক বরাদ্দের পূর্বেই প্রকাশ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি নিজেই উপজেলা প্রশাসনের সরকারী গাড়ি ব্যবহার করে সরাসরি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন যা নির্বাচনী আচরনবিধি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্থ করছে।
অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার পৌরসভাস্থ নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে জনসমাগম করছেন। এমতাবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সদয় মর্জি কামনা করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম।
এবিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।