মধ্য জাপানে আঘাত হেনেছে ৭.৪ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানায় টেলিভিশন চ্যানেল এনএইচকে।
এই ভূমিকম্পের কারণে দেশটির বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সুনামির সতর্কতা। জাপানের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফিটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে।
ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।
তবে ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।