কাতারে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে লিওনেল মেসির হাত ধরে ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। এবার সেই কাতারে পর্দা উঠছে এশিয়ান কাপ ফুটবলের। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১০ ফেব্রুয়ারি।
জেনে নেওয়া যাক, এশিয়ার এই টুর্নামেন্টের খুঁটিনাটি...
স্বাগতিক পরিবর্তন
লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই ভেন্যুতেই পর্দা উঠবে ৩০ দিনের এই ফুটবল উৎসবের। তবে গেল বছরে চীনে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। করোনার বিধিনিষেধের কারণেই তা কাতারে সরিয়ে নেওয়া হয়।
বর্তমান ও সর্বোচ্চ চ্যাম্পিয়ন
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কাতার। তবে এশিয়ান এই টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন জাপান। চারবার এই শিরোপা জিতেছে তারা। এ ছাড়া তিনবার এই শিরোপা উঁচিয়ে ধরেছে সৌদি আরব।
অভিষেক দল
এবার এই টুর্নামেন্টে অভিষেক হচ্ছে তাজিকিস্তানের। ১৯৫৬ সালে এই টুর্নামেন্টের শুরু হলেও কখনো খেলেনি দলটি।
যেসব দলের ওপর নজর থাকবে
আসরের বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবার ফেভারিট তকমা পাচ্ছে না কাতার। এবারের হট ফেবারিট দলগুলো হলো- জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান।
কোন গ্রুপে কোন দল
গ্রুপ 'এ' - কাতার, চীন, তাজিকিস্তান, লেবানন
গ্রুপ 'বি' - অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া, ভারত
গ্রুপ 'সি' - ইরান, সংযুক্ত আরব আমিরাত, হংকং, ফিলিস্তিন
গ্রুপ 'ডি' - জাপান, ইন্দোনেশিয়া, ইরাক, ভিয়েতনাম
গ্রুপ 'ই' - দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন
গ্রুপ 'এফ' - সৌদি আরব, থাইল্যান্ড, কিরগিজস্তান, ওমান।