উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরের চরজব্বর থানায় পল্লী বিদ্যুত সমিতির বকেয়া বিদ্যুত বিলের ২০১৪ সালের এক মামলায় পরোয়ানারভুক্ত আসামী ধরতে গিয়ে ১৬ হাজার টাকা নিয়ে আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেলে পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলম ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। পরে পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে পল্লী বিদ্যুত সমিতির বকেয়া বিদ্যুত বিলের ২০১৪ সালের এক মামলায় পরোয়ানারভুক্ত আসামী ধরতে গিয়ে ১৬ হাজার টাকা নিয়ে আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে চরজব্বর থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে উপজেলার হালিম বাজারের ব্যবসায়ী ওয়াসিম মিয়াকে আটক করতে গিয়ে এ টাকা আদায় করেন এসআই রফিক।
আসামি ওয়াছিম মিয়া (৫৫) চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে। তার স্থানীয় বাজারে ক্রোকারীজ হার্ডওয়্যারের দোকান রয়েছে।
পরে খবরটি জানাজানি হলে গণমাধ্যমকর্মীদের কাছে গিয়ে নিউজ না করার জন্য বিভিন্নভাবে তদবিরও করেন এই এসআই।