শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে এ শপথবাক্য পাঠ করান।
কোরআন তেলোয়াতের মাধ্যমে শপথবাক্য পাঠের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি কর্তৃক শপথবাক্য পাঠ করেন। এরপর একে একে সরকারের ১৩ জন উপদেষ্টা শপথ নেন। যদিও এ সময় তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথবাক্য পাঠে অংশ নিতে পারেননি।
এর আগে বুধবার (৭ আগস্ট) সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাত সাড়ে ৮টায় শপথ গ্রহণের কথা জানিয়েছিলেন। তবে আজ সেই শপথপাঠ অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে রাত ৯টায় নির্ধারণ করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি।