আলা-উদ্দীন সুজন, সদর : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বন্যা দুর্যোগকাল সময়ে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সংবাদ কর্মীগণের মাঝে শুকনা খাবার উপহার দেওয়া হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু কাছে এই উপহার তুলে দেন।
এ সময় আহমেদ আবু জাফর বলেন, এই উপহার অতি সামান্য এটাকে আপনারা ত্রাণ হিসেবে নিবেন না। মনে করবেন আমরা আমাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের বহু সংবাদ কর্মী আছে যাদের জীবন জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই সামান্য আয়োজন করেছে। আপনারাও নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ভয়াবহ বন্যা দুর্গত জেলা নোয়াখালীর সকল সংবাদ কর্মীদের পাশে দাঁড়ান।
পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু বলেন, দেশের যে কোন মহামারী বা দুর্যোগে আহমেদ আবু জাফর ভাই গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ান। তার বয়স ৫২ বছর হলেও তিনি কাজ করেন, যেন ১৮ বছরের চির তরুণ। তাই তাঁর ডাক পাওয়ার সাথে সাথে আমি কুমিল্লায় রেডি হয়ে বসে আছি এবং নোয়াখালীর সাংবাদিক ভাইদের দেখতে চলে এলাম। তিনি বলেন, সংবাদ কর্মীদের শত্রুও সংবাদ কর্মীরাই। আমাদের এই বৈষম্য মুলক মনোভাব পরিবর্তন করে আমরা যেই কোন রকম সুসময় ও দুঃসময়ে এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারে, সেই মত থাকতে হবে।
বক্তব্যে আকাশ মো. জসিম বলেন, আমরা এই জেলা শহরে আমাদের বয়সে এমন দুর্যোগ ইতিপূর্বে আর দেখি নাই। এই সময় আমরাও আমাদের সকলের পাশে দাঁড়ান জরুরী। এখন না দাঁড়ালে কখন দাঁড়াবো। আগে রাজনৈতিক নেতা ও জেলা প্রশাসন দুর্যোগে সংবাদ কর্মীদের পাশে থাকতেন। কিন্তু বর্তমান সময়ে সবকিছুই একরকম বিস্ময়কর পরিস্থিতি। তাই আমরাই সাংগঠনিক ভাবে আমরা আমাদের সকল সংবাদ কর্মীদের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করা উচিত।
নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু বলেন, আমরা জলাবদ্ধতা দেখেছি কিন্তু এই রকম ভয়াবহ বন্যা দেখি নাই। আহমেদ আবু জাফর ভাই আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা আজ সিদ্ধান্ত নিয়ে আগামী কালকের মধ্যে আমাদের নোয়াখালী প্রেসক্লাবের অন্তর্গত সংবাদকর্মী গণকে নগদ সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপ-দপ্তর সম্পাদক- মিরাজ মোস্তাফিজ, শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল হুদা বাবু, নির্বাহী সদস্য মো: ইউসুফ আলী খান সহ প্রমুখ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এ.আর আজাদ সোহেল।