সরকার সর্বশক্তি দিয়ে বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
রোববার (২৫ আগস্ট) দুপুরে জেলাতে জরুরি ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
শারমিন এস মুরশিদ বলেন, আমাদের কমিটমেন্ট ও ইচ্ছের কোনো ঘাটতি নেই। আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আমরা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাবো। প্রত্যেকটা জেলায় জেলায় তরুণ এই ছেলে মেয়েরা একত্রিত হয়ে অর্থের যোগান দিচ্ছে। মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে। সমালোচনা না করে তাদের পাশে দাঁড়ান। যেন আমরা সর্বশক্তি দিয়ে এ বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়েছে, আমরা তার টিম হয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের একটাই কাজ, শান্তি ফিরে আনা, পরিবেশ ঠিক করা এবং একটি সুষ্ঠু সংস্কার ও মেরামতের মধ্য দিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করা। যেন আমরা আবার গণতন্ত্রের মধ্যে ফিরে যেতে পারি এবং কাঙ্ক্ষিত নির্বাচন দিতে পারি। ১৫ দিনের মাথায় যদি কেউ বলেন, সংষ্কার দেন। তাহলে সেটি কি দিতে পারবো? ১৫, ১৬ ও ২০ বছরের একটি জঞ্জাল আমরা কি ২ দিনের মধ্যে শেষ করতে পারব? ধৈর্য ধরতে হবে, শতশত কোটি চোখ আমাদের ওপর নজর রাখুন। আমরা আপনাদের প্রতিনিধি হয়ে এসেছি।
এসময় বাংলাদেশ সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আনম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. ছারোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।