উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার পানির তীব্র চাপে মুছাপুর স্লুইসগেট ভেঙে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের উজান থেকে আসা পানি এবং সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে ফেনী ও মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় মুছাপুর স্লুইসগেটের ওপর চাপ বাড়ে। সকাল বেলায় স্লুইসগেটের রেগুলেটর ভেঙে গেলে তাৎক্ষণিকভাবে এলাকাটি প্লাবিত হয়ে যায়, ফলে চারপাশে দ্রুত পানি ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন, কারণ জোয়ারের পানি ঢুকলে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, "পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে স্লুইসগেট ভেঙে গেছে। এখন আমরা খুবই বিপদে আছি, কারণ জোয়ারের পানি আসলে পুরো এলাকা ডুবে যেতে পারে।"
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, "এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে স্লুইসগেটের আশপাশে ভিড় না করেন। এতে আমরা দ্রুত ও সুষ্ঠুভাবে উদ্ধার ও মেরামত কার্যক্রম সম্পন্ন করতে পারবো।