উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার হাসপাতাল রোডে আধুনিক সুবিধাসম্পন্ন বিএমডিসি ডায়াগনস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় ফিতা কেটে এই ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোশাররফ হোসেন বলেন, "চিকিৎসা একটি মহান পেশা। মানুষের সেবা করার জন্য এই পেশাকে বেছে নিতে হয়। আমি আশা করি, এই ডায়াগনস্টিক সেন্টারটি সেবার মানসিকতা নিয়ে কাজ করবে। মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেন পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করা হয়। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের সবাইকে মানুষের সেবা করার তৌফিক দান করেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, বসুরহাট পৌর জামায়াতের সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাজী হানিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিসি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম রাজু, পৌর কর বিভাগের ব্যবস্থাপক করিমুল হক সাথী, এবং নরমাল ডেলিভারি সেন্টারের চেয়ারম্যান হাজী আবুল খায়ের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী আবদুল কুদ্দুস। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ফয়েজ উল্লাহ, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নরমাল ডেলিভারি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া।
ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম রাজু জানান, এই ডায়াগনস্টিক সেন্টারটি থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
আরও পড়ুন-