প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়াম বাফুফে’কে লিজের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

ক্রিকেটসহ সব ধরণের খেলা ও বহুমুখী ব্যবহারের সুযোগ বন্ধ করে এককভাবে ২৫ বছরের জন্য বাফুফে’কে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়াম লিজ দেওয়ার সিদ্ধান্ত বালিত ও বিকল্প সমাধানের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী ক্রীড়া পরিবার ও নোয়াখালী জেলা খেলোয়াড়-সংগঠক ফোরাম এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে নারী-পুরুষ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকরীরা বলেন, শহিদ ভুলু স্টেডিয়াম হচ্ছে জেলার সব ধরণের খেলাধূলার প্রাণকেন্দ্র। এ স্টেডিয়ামে ক্রিকেটসহ সব ধরণের খেলা ও বহুমুখী ব্যবহারের সুযোগ বন্ধ করে এককভাবে ২৫ বছরের জন্য বাফুফে’কে লিজ দেওয়ার সিদ্ধান্তের ফলে আগামীতে নোয়াখালীতে কোন খেলোয়াড় সৃষ্টি হবে না। তাই এ ধরনের সিদ্ধান্ত বাতিল করে বিকল্প সমাধানের পথ বের করতে হবে।

উল্লেখ্য জাতীয় ফুটবলের বিস্তার ও উন্নয়নের স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের সাতটি জেলা স্টেডিয়াম আগামী ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামও রয়েছে।

লিজের শর্ত অনুযায়ী, এসব স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, ভূমি করসহ যাবতীয় খরচ বহন করবে বাফুফে। একইসঙ্গে আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব নিয়মিত এনএসসিকে জানাতে হবে।

তবে প্রয়োজন মনে করলে ৩ মাসের নোটিশে লিজ বাতিল করার এখতিয়ারও রেখেছে ক্রীড়া পরিষদ।

আরও পড়ুন

  • . এর আরও খবর