প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চাটখিলে দেশীয় মাছ রক্ষায় ৩৫টি অবৈধ জাল ধ্বংস

উপজেলা সংবাদদাতা, চাটখিল : দেশীয় মাছের বংশ বিস্তার ও খালের স্বাভাবিক পানি প্রবাহ রক্ষা করতে নোয়াখালীর চাটখিল উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩৫টি অবৈধ ভেসাল ও মশারি জাল এবং বেশ কিছু অবৈধ স্থাপনা পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। দলটি চাটখিল পৌরসভা, পাঁচগাঁও, মোহাম্মদপুর ও বদলকোট ইউনিয়নের বিভিন্ন খালে তল্লাশি চালায়। এ সময় খালের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী ২০টি ভেসাল জাল ও এর সাথে থাকা অবৈধ স্থাপনা এবং ১৫টি ক্ষতিকর মশারি জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, “কিছু অসাধু মানুষ অবৈধ জাল ও স্থাপনা তৈরি করার কারণে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। একই সাথে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছিল। দেশীয় মাছের বংশ বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর