প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৬

জেলাজুড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরিপ্রেক্ষিতে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, হাতিয়া থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এদিকে, সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় রেললাইনে অগ্নিসংযোগের অভিযোগ, সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রেললাইনে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি জানান, রেললাইনে অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি। আমরা রাতভর দায়িত্ব পালন করেছি। কোথাও এমন ঘটনা আমাদের নজরে আসেনি।

তবে লাকসামের দিকে এমন কিছু ঘটে থাকতে পারে। সেটি আমাদের সীমান্তবর্তী এলাকা। এ বিষয়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংগঠনটির ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের আইনি উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর