প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট সরকারের আমলে পদোন্নতি বঞ্চনার স্বীকার কিশোর হলেন এএসপি

স্টাফ রিপোর্টার :: দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন চাটখিলের কৃতী সন্তান সাজ্জাদ হোসেন কিশোর। দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত থাকার পর তাঁর এই পদোন্নতিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

গত ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পৃথক আদেশে তাঁকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সাজ্জাদ হোসেন কিশোর ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করেন। এরপর দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন জেলায় পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তিনি সহকর্মীদের কাছে পরিচিতি অর্জন করেন।

সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্বে তিনি পেশাদারত্ব ও সুনামের সঙ্গে কাজ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে দীর্ঘ কর্মজীবনে তাঁর পদোন্নতি প্রত্যাশা পূরণ হয়নি। অভিযোগ রয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি বারবার পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এএসপি পদে পদোন্নতিকে কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

পুলিশে যোগদানের আগে ছাত্ররাজনীতিতেও সক্রিয় ভূমিকা ছিল সাজ্জাদ হোসেন কিশোরের। ছাত্রজীবনে তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১-১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে পরবর্তী সময়ে পেশাগত জীবনে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলেও দাবি করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তবে সব প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘদিনের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন তিনি।

চাটখিলের এই কৃতী সন্তানের পদোন্নতির খবরে স্থানীয় পর্যায়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন তাঁর স্বজন, সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে এসআই থেকে পুলিশ পরিদর্শক এবং সেখান থেকে সহকারী পুলিশ সুপার পদে উন্নীত হওয়া সাজ্জাদ হোসেন কিশোরের এই অর্জন তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর