
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধিগ্রহণ করা ১ দশমিক ৩৩ একর জমি পুনরুদ্ধার ও সেখানে থাকা অননুমোদিত স্থাপনা উচ্ছেদে কোনো আইনগত বাধা নেই বলে মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গত ২৯ সেপ্টেম্বর দেওয়া আইনগত মতামতে জমির দখল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং সেখানে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণেও বাধা নেই বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৩-০৪ অর্থবছরে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে চর সল্লা মৌজার ৭৬ নম্বর দাগে ১ দশমিক ৩৩ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ২০১৮ সালে হাইকোর্টে রিট করা হলেও ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আদালত রুল খারিজ করে স্থিতাবস্থার আদেশ প্রত্যাহার করেন। পরবর্তী সময়ে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করা হলেও জমির ওপর বর্তমানে কোনো স্থগিতাদেশ বা স্থিতাবস্থার আদেশ কার্যকর নেই বলে মতামতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ওই জমিতে ৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকল্পটির মেয়াদ ১৮ মাস।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে উপস্থিত থাকবেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান ও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা আশীষ শীল জানান, জমি নিয়ে করা রিটের রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসেছে এবং বর্তমানে কোনো স্থিতাবস্থার আদেশ নেই। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীও জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের মতামতের ভিত্তিতে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :