
স্টাফ রিপোর্টার :: তুরস্কে আগামীকাল শুরু হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে বিনোদপুরে তৃণমূল জলবায়ু সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এনআরডিএস ও জিক্যাপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত কৃষক, ভূমিহীন, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এনআরডিএসের নির্বাহী পরিচালক আব্দুল আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, ক্ষতিপূরণ এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি হলেও এর বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতির জন্য উন্নত ও ধনী দেশগুলোর দায় রয়েছে। তাই জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণের অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, খাল-পুকুর ভরাট, অবৈধ ইটভাটা স্থাপন ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, নোয়াখালীর নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন, আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া নতুন জেগে ওঠা চরে ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে বসতি স্থাপন ও জীবিকার সুযোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে বক্তব্য দেন শিক্ষাবিদ আব্দুল আলিম, এসএসবির নির্বাহী পরিচালক ফাহমিদা সুলতানা, কৃষকনেতা নুরউদ্দিন, ভূমিহীন নেতা মনির আহমেদ, নারী প্রতিনিধি সোনিয়া আক্তার, রেহানা বেগম, বিপাশা আর্য, কহিনূর বেগম, করবী ও মহিউদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :