
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান রিহাম (৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিহাম ওই ইউনিয়নের বিজয়নগর এলাকার আবদুল মজিদ সারেং বাড়ির মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় নাজিরহাট হাজী সফি উল্ল্যাহ নুরানী মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল রিহাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিজয়নগর-ইসলামনগর সড়কে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নয় বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগের পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :