
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। তাঁদের অভিজ্ঞতা ও সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করবে।
উপাচার্য আসন্ন তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম উন্নয়নে তাঁদের সহযোগিতা কামনা করেন।
নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন নোবিপ্রবির অ্যালামনাই ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান রিমেল।
এ ছাড়া অ্যালামনাইরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জন বিষয়ে দিকনির্দেশনা দেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ এবং অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :